হাঙ্গেরির ট্র্যাকে নিজের হিটে প্রথম ইমরানুর

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টারের প্রিলিমিনারি রাউন্ডে উজ্জ্বল ইমরানুর রহমান। নিজের হিটে সবার আগে দৌড় শেষ করলেন বাংলাদেশের এই স্প্রিন্টার।

হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার প্রিলিমিনারি রাউন্ডের ৩ নম্বর হিটে অংশ নেন ইমরানুর। ১০ দশমিক ৫০ সেকেন্ডে সবার আগে দৌড় শেষ করেন তিনি। পরের ধাপে যাওয়া ১১ প্রতিযোগীর মধ্যে চতুর্থ হন।

প্রিলিমিনারি রাউন্ডে ১০ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে সেরা টাইমিং করেছেন মালয়েশিয়ার স্প্রিন্টার আজেম ফাহমি।

গত জুলাইয়েও এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। কিন্তু ফাইনালে উঠতে ব্যর্থ হন। সব মিলিয়ে ১১তম হয়ে আসর শেষ করেন বাংলাদেশের দ্রুততম মানব।

ব্যাংককে শেষ চারে ওঠার হিটে ১০ দশমিক ২৫ সেকেন্ড টাইমিংয়ে নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়েছিলেন ইমরানুর।