সেমিফাইনালে উঠতে পারলেন না ইমরানুর

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রিলিমিনারি রাউন্ডে আলো ছড়িয়ে ১০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে প্রথম হন ইমরানুর রহমান। কিন্তু সেমিফাইনালে ওঠা হলো না তার। প্রিলিমিনারি রাউন্ডের চেয়ে ভালো টাইমিং করেও সেমিফাইনালের হিটে ব্যর্থ হলেন বাংলাদেশের দ্রুততম মানব।

হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার সেমিফাইনালে ওঠার লড়াই ছিল। ইমরানুর অংশ নেন ৬ নম্বর হিটে। ১০ দশমিক ৪১ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে সপ্তম হন। ৫৫ প্রতিযোগীর মধ্যে হন ৪৫তম।

সকালের সেশনে প্রিলিমিনারি রাউন্ডের ৩ নম্বর হিটে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন ইমরানুর।

প্রিলিমিনারি রাউন্ডের ৩ নম্বর হিটে অংশ নেন ইমরানুর। ১০ দশমিক ৫০ সেকেন্ডে সবার আগে দৌড় শেষ করেন তিনি। পরের ধাপে যাওয়া ১১ প্রতিযোগীর মধ্যে চতুর্থ হন।

গত জুলাইয়ে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। কিন্তু ফাইনালে উঠতে ব্যর্থ হন। সব মিলিয়ে ১১তম হয়ে আসর শেষ করেন বাংলাদেশের দ্রুততম মানব।

ব্যাংককে শেষ চারে ওঠার হিটে ১০ দশমিক ২৫ সেকেন্ড টাইমিংয়ে নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়েছিলেন ইমরানুর।