৫ বছর পর সৌদি আরবকে হারিয়ে বাংলাদেশের ‘প্রতিশোধ’

কাভা মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপে নেপাল ও আফগানিস্তানের কাছে হেরে ফাইনালের পথটা কঠিন করে ফেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোর সুগাথাদা স্টেডিয়ামে বুধবার অবশ্য লাল সবুজ দল দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়েছে। ৬ দলের টুর্নামেন্টে সৌদি আরবকে ৩-২ সেটে হারিয়ে বাংলাদেশ প্রতিশোধ নিয়েছে।

২০১৮ সালে প্রথমবার এই টুর্নামেন্টেই সৌদি আরবের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছিল বাংলাদেশ।  ৫ বছর পর একই মঞ্চে খেলে মধুর প্রতিশোধ নিলো আলিপোর আরজির দল।

শুরুতে বাংলাদেশ এগিয়ে যায় ২৫-২২ পয়েন্টে। পরেরটিতে যদিও হেরেছে ২২-২৫ পয়েন্টে। তৃতীয় সেটে বাংলাদেশ আবারও ২৫-২২ পয়েন্টে জিতে লিড নেয়। সৌদি আরব দারুণ লড়াইয়ে ১৯-২৫ পয়েন্টে ২-২ সমতা আনলেও শেষ সেটে আর পেরে উঠেনি। ১৭-১৫ পয়েন্টে ম্যাচ জিতেছে বাংলাদেশ।

লিগ পদ্ধতির ম্যাচে বাংলাদেশ পরের ম্যাচ উজবেকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। এই দুটি ম্যাচ জিততে পারলে বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হবে। অধিনায়ক হরষিত বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ আমরা প্রথম ম্যাচ জিততে পেরেছি। শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। পরের দুই ম্যাচ খেলে ফাইনালে খেলার প্রত্যাশা করছি। যদিও কঠিন, আমরা সাধ্যমতো চেষ্টা করবো।’