প্রিমিয়ার লিগ দাবায় তিনবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং। শুধু তাই নয়, সবশেষ শিরোপাও তাদের ঘরে। কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া লিগে এবার সাইফ স্পোর্টিংয়ের খেলার সম্ভাবনা ক্ষীণ! দলটির চ্যাম্পিয়ন দাবাড়ু গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব তাই যারপরনাই হতাশ।
সাইফ দাবায় এসে চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হয়েছে। দাবায় নতুন করে আলোড়ন তুলেছিল। এবার তাদের দল গঠন নিয়ে অনিশ্চয়তা দাবা অঙ্গনে সুখকর বার্তা দিচ্ছে না।
দলটির অন্যতম সদস্য রাজীব বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আমরা জানতে পেরেছি সাইফ স্পোর্টিং এবার দাবায় দলই গড়বে না! চ্যাম্পিয়ন দলের না খেলাটা হতাশারই। তাই এবার আমাদের অন্য দলে খেলতে হচ্ছে। সাইফ লিগে খেললে সবার জন্যই ভালো হতো।'
তবে সাইফের না খেলার প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেছেন, ‘সাইফ স্পোর্টিং যারা চালাচ্ছেন তাদের এবার ব্যবসা বাণিজ্যে সমস্যা হচ্ছে। যে কারণে চ্যাম্পিয়নরা দল গড়ছে না। তবে আমরা চেষ্টা করছি তারা যেন ছোট আকারে হলেও লিগে অংশ নেয়। দাবায় থাকে। এতে দাবাড়ুদের জন্য ভালো হবে। এখন দেখা যাক কী হয়।'
সাইফ স্পোর্টিংয়ের স্বত্ত্বাধিকারী তরফদার রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।