ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান জেলা। রানার্স-আপ হয়েছে ঢাকা জেলা।
আজ বুধবার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বান্দরবান জেলা ৩৭-২২ গোলে ঢাকা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-০৮ গোলে এগিয়ে ছিল। বান্দরবানের অংটাইমং মার্মা সর্বোচ্চ ১৪টি গোল করে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে দেওয়া হয়েছে পুরস্কার।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার দেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম-সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।