২৮ মাস পর কাবাডিতে ফিরে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ পুলিশ কাবাডি দলের নিয়মিত অধিনায়ক ছিলেন মাসুদ করিম। জাতীয় দলেও টানা চার বছর অধিনায়কত্ব করেছেন এই ৩৪ বছর বয়সী তারকা। তবে চোট পেয়ে প্রায় ২৮ মাস বিছানায় সময় কাটাতে হয়েছে তাকে। কাবাডি থেকে দূরে থাকতে হয়েছে। আশার কথা আজ শনিবার থেকে আবারও কাবাডিতে ফিরেছেন মাসুদ। পুলিশ দলের হয়ে মিরপুরের ক্যাম্পে যোগ দিয়েছেন।

গত ২০২১ সালের ৩ নভেম্বর আন্তঃপুলিশ দলের খেলাতে বাঁ পায়ে ব্যথা মারাত্মক ব্যথা পান মাসুদ। পরের দিন এভারকেয়ার হাসপাতালে হয় অস্ত্রোপচার। এতদিন বাসায় শুয়ে বসে সময় কাটাতে হয়েছে। 

আজ কাবাডি কোর্টে ফিরে দারুণ খুশি মাসুদ।  বাংলা ট্রিবিউনের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘এতদিন পর কাবাডি কোর্টে ফিরে অনেক ভালো লাগছে। এটা বলে বোঝাতে পারবো না। এই ফেরার আনন্দ অন্যরকম।  অসুস্থ হয়ে কাবাডির বাইরে থাকাটা ছিল অনেক কষ্টের।'

তবে এখনই কোর্টে ফিরলেও পুরোপুরি অনুশীলনে যেতে সময় লাগবে বললেন মাসুদ, ‘এখন থেকে হালকা অনুশীলন করবো। ঈদের পর পুরোপুরি অনুশীলনে ফেরার ইচ্ছে আছে। আগে দেখবো শরীর কতটুকু ফিট আছে।  ঘরোয়া কাবাডিতে খেলার পাশাপাশি জাতীয় দলে আবার ফিরতে চাই। হয়তো সময় লাগবে। তবে আমি ফিরবোই। সেই পণ করে আবারও খেলতে এসেছি।'