আগের আটটি ম্যাচে জয়ের রেকর্ড ছিল শতভাগ। নবম ম্যাচে সুর কৃষ্ণের প্রতিপক্ষ ছিল বেশ শক্তিশালী। তারপরও চীনের বায়ো লিউয়ের বিপক্ষে জয়ের আশা নিয়ে রিংয়ে নেমেছিলেন বাংলাদেশের বক্সিংয়ের পোস্টার বয়। কিন্তু ৬ রাউন্ড শেষে এবার আর জিততে পারেননি। জয় হয়েছে চীনের বক্সারের!
আজ ঢাকার ইন্টাকন্টিনেন্টালে সুরের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের পেশাদার সার্কিটে সাত নম্বর বক্সার লিউ। সুপার লাইটওয়েট ৬৩.৫ কেজির লড়াইয়ে সুর শুরু থেকে ভালোই প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দেখেশুনে খেলে হুক কিংবা আপার কাট করে প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে পয়েন্ট নেওয়ার চেষ্টা। কিন্তু চীনের বক্সারও কম যাননি। সুযোগ বুঝে লিউও পয়েন্ট নিয়েছেন।
ঘাম ঝরানো ৬ রাউন্ড শেষে দুই বক্সার রিংয়ের মাঝখানে দাঁড়ালেন। তখন উপস্থাপক চীনের বক্সারকে জয়ী ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই সুরের মন খারাপ। আগের আটটিতে যে হারেননি। এবার নিজের দেশের রিংয়ে নবম ম্যাচে এসে প্রথম হার দেখলেন।