জয়ে হাঙ্গেরির অলিম্পিয়াডে প্রয়াত জিয়ার ছেলে

২০২২ সালে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার প্রথম দাবা অলিম্পিয়াডে অংশ নিয়েছিলেন। হাঙ্গেরির অলিম্পিয়াডে এবারও বাবার সঙ্গে যাওয়ার ইচ্ছা ছিল। তবে জিয়ার অকাল মৃত্যুতে তা সম্ভব হয়নি। ছেলেকে যেতে হচ্ছে একাই। আজ বৃহস্পতিবার প্লে অফে ম্যাচ জিতেই অলিম্পিয়াড নিশ্চিত করেছেন তাহসিন।

এবার  বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ৫ দাবাড়ু। তাদের মধ্যে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ নিশ্চিত হয়েছেন আগেই । বেঁচে থাকলে জিয়াউরের সামনেও সুযোগ ছিল।  তবে তার মৃত্যুর কারণে পঞ্চম স্হানের জন্য  তাহসিন ও অনন্ত চৌধুরিকে প্লে অফ খেলতে হয়েছে। 

প্লে-অফের প্রথম পর্বে তাহসিন কালো ঘুটি নিয়ে অনন্তকে হারিয়েছেন। কিছুক্ষণ পর সাদা ঘুটি নিয়ে আরেক রাউন্ডে ড্র করলে তাহসিনের অলিম্পিয়াড নিশ্চিত হয়। 

জিয়া বেঁচে থাকতে চেয়েছিলেন এবারও ছেলে তাহসিন যেন অলিম্পিয়াডে যেতে পারেন।  বাবার সেই ইচ্ছেপূরণ করতে পেরে খুশি তাহসিন, ‘আবারও অলিম্পিয়াডে খেলবো, ভালো লাগছে। কিন্তু বাবা নেই, সেই শূন্যতাও বিরাজ করছে। বাবা আমাদের মাঝে নেই, এখনও বিশ্বাস হচ্ছে না।’