প্যারিস অলিম্পিকে সেইন নদীর দূষণ ভালোভাবেই গেমসে প্রভাব ফেলেছে। এবার তো নদী থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণে বেলজিয়ামের এক অ্যাথলেটের অসুস্থ হওয়ার খবর মিলেছে। যদিও সেটি নিশ্চিত করা যায়নি।
অ্যাথলেট অসুস্থ হয়ে পড়ায় সর্বশেষ মিক্সড রিলে ট্রায়াথলন থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে বেলজিয়াম।
সেই অ্যাথলেটের নাম ক্লেয়ার মাইকেল। বুধবার নারীদের ট্রায়াথলনে অংশ নেন তিনি। হয়েছেন ৩৮তম। বেলজিয়ামের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ডি স্ট্যান্ডার্ড-ই মূলত দাবি করেছে, ৩৫ বছর বয়সী সেই অ্যাথলেটের শরীরে ই.কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটেছে! যদিও বিষয়টি নিশ্চিত করেনি আর কেউ।
সেইন নদীর দূষণ আর ই.কোলাই ব্যাকটেরিয়া নিয়ে ঝুঁকির কথা বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে। দূষণের সময় এই ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্ধারিত সীমার কয়েক গুণ বেশি হয়ে থাকে। যা সাধারণত প্রাণির মলের মাধ্যমে পরিবেশের সংস্পর্শে আসে। এই ঝুঁকির কারণে পুরুষদের ট্রায়াথলন দিনের পর দিন বিলম্বিত হচ্ছে।
তবে সর্বশেষ যৌথভাবে ওয়ার্ল্ড ট্রায়াথলন ও প্যারিস অলিম্পিকের আয়োজকরা বলেছে, সর্বশেষ পরীক্ষায় সেইন নদীর মান সাম্প্রতিক সময়ে উন্নতি লাভ করেছে। আরও ইঙ্গিত মিলছে গ্রহণযোগ্য মাত্রার মধ্যেও সেটা চলে আসবে।।
অবশ্য অসুস্থ হওয়ার খবর আরও মিলেছে শনিবার। সুইস দলটি জানিয়েছে তাদের অ্যাথলেট আদ্রিয়ান ব্রিফোড পুরুষদের রেসে অংশ নেওয়ার পর পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। যে কারণে মিক্সড রিলেতে অংশ নিতে পারবেন না তিনি। বেলজিয়াম অলিম্পিক কমিটি অবশ্য তাদের অ্যাথলেটের অসুস্থ হওয়ার কারণ প্রকাশ করেনি। তবে বিবৃতিতে আশা প্রকাশ করে বলেছে, ‘ভবিষ্যৎ ট্রায়াথলন প্রতিযোগিতার জন্য এখান থেকে শিক্ষা নেওয়া হবে।’