প্যারালিম্পিকের দল ছোট করলেন ক্রীড়া উপদেষ্টা

আগামী ২৮ আগস্ট প্যারিসে শুরু হচ্ছে প্যারালিম্পিক গেমস। বাংলাদেশ থেকে পূর্বনির্ধারিত ১৩ সদস্যের একটি দল সেখানে যাওয়ার কথা। দলের পরিধি অযথা বড় হওয়া নিয়ে লেখালেখি ও চারদিকে সমালোচনার মুখে ক্রীড়া উপদেষ্টা আজ শুক্রবার দল ছোট করে নিয়ে এসেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আজ শুক্রবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে  বিষয়টি জানানো হয়েছে। 

আগে দলে ক্রীড়াবিদের সংখ্যা ছিল মাত্র দুজন, বাকিরা কর্মকর্তা। বিভিন্ন মাধ্যমে এ নিয়ে প্রচারিত অভিযোগ আমলে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ১৮ জুলাইয়ের সরকারি আদেশ বা জিও বাতিল করে এখন শুধু ৭ জনের জিও (সরকারি আদেশ) মঞ্জুর করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

নতুন করে জিও অনুযায়ী প্যারালিম্পিক যাবেন দুজন ক্রীড়াবিদ: ঝুমা আক্তার ও আল–আমিন হোসেন। দুজনই প্যারা আর্চার। তাদের সঙ্গী কোচ নিশীথ দাস ও চিকিৎসক মনিরুল ইসলাম। অন্য তিনজন কর্মকর্তা।