যে স্বপ্ন নিয়ে নেপালে বাংলাদেশ স্কোয়াশ দল

এই প্রথম পূর্ণাঙ্গ স্কোয়াশ দল নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। তৃতীয় এনএসআরএ ইন্টার ক্লাব আন্তর্জাতিক স্কোয়াশ খেলতে সোমবার নেপাল গেছে নারী ও পুরুষ মিলিয়ে  ১১ জন স্কোয়াশ খেলোয়াড়। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন প্রথমবারের মতো কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরো একটা দল পাঠালো। 

আগামী এসএ গেমসের আগে খেলোয়াড়দের একটা পরীক্ষাও এই প্রতিযোগিতা।

ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এই প্রতিযোগিতা নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, 'সম্পূর্ণ ঋণাত্মক পরিস্থিতি থেকে সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধা এবং অনেক প্রতিকূলতার মধ্যে স্কোয়াশের মতো তথাকথিত একটা এলিট ও অপ্রচলিত খেলাকে সাধারণত মানুষের খেলায় পরিণত এবং পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী খেলোয়াড় তৈরি করে পুরুষ ও মহিলাদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ দল গঠন করে ভালো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা এই প্রতিযোগিতায় ভালো ফলাফল আশা করছি।’

স্কোয়াশ দলে পুরুষ খেলোয়াড়রা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর শাহাদৎ হোসেন, আপন ও কামরুল। আর জুনিয়র দলে বিকেএসপির আমিনুল ও সাইমনের সঙ্গে আই ইউবির রায়হান, ভাষানটেক কলেজের সৈকত ও মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুলের তাহমিদ।

আর মেয়েদের দলে আছেন উত্তরা স্কুলের চাঁদনী, নির্ঝর স্কুলের নাবিলা ও আইইউবির মারজান। 

এর মধ্যে নারী দল দেশের বাইরে কোনও আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছে।