হাঙ্গেরির বুদাপেস্টে ফার্স্ট সাটার-ডে গ্র্যান্ড মাস্টারস দাবায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে রানার-আপের জন্য টাই করে টাইব্রেকিংয়ে চতুর্থ হয়েছেন।
ফিদে মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন। আন্তর্জাতিক মাস্টারস দাবায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছেন।
অনুর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টের নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছেন।
নবম বা শেষ রাউন্ডের খেলা হয়। নবম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টারস ইভেন্টে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদে মাস্টার মনন রেজা নীড়ের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টারস দাবার নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের প্রিয়ানস দাসের সঙ্গে ড্র করেন। রেটিং দাবার নবম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হাঙ্গেরির আন্তর্জাতিক মাস্টার সালানসি এমিলকে হারান।
গ্র্যান্ডমাস্টারস দাবায় বেলেরুশের গ্র্যান্ডমাস্টার কোভালেভ আন্দ্রেই ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। আন্তর্জাতিক মাস্টারস দাবায় ভারতের আন্তর্জাতিক মাস্টার সি জি আর কৃষ্ণান এবং রেটিং দাবায় মার্কিন যুক্তরাস্ট্রের কোকি এরিখ সাড়ে ছয় পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন।