দাবায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের গুকেশ

ভারতের ডি গুকেশ দাবায় ইতিহাস গড়লেন। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন তিনি। শেষ গেমে চীনের ডিং লিরেনকে হারিয়ে খেতাব জিতলেন ১৮ বছরের গুকেশ। ৭.৫-৬.৫ ফলে হারিয়ে দিলেন চীনা প্রতিপক্ষকে। কালো ঘুঁটি নিয়ে জিতলেন গুকেশ।

বৃহস্পতিবার ছিল ১৪তম ম্যাচ। ১৩তম ম্যাচের শেষে সমান পয়েন্ট ছিল তাদের। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছাবে, সে জিতবে। বৃহস্পতিবার গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজন হল না। সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আবেগ ধরে রাখতে পারেননি গুকেশ। কাঁদতে দেখা যায় তাকে।

সাত বছর বয়সে দাবা খেলা শুরু গুকেশের। এক বছর পরেই অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা জেতেন তিনি। অনূর্ধ্ব-১২ স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতেন গুকেশ। মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন তিনি। ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম হন গুকেশ। ভারতীয় দাবায় তার উত্থান সবার নজর কেড়েছিল। ২৬ বছর পরে আনন্দকে টপকে ভারতের এক নম্বর দাবাড়ু হন গুকেশ।