আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে বিজয় দিবস কাবাডি। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই টুর্নামেন্টে ছেলে ও মেয়ে উভয় দল অংশ নেবে। এখান থেকে দল গঠন করে শ্রীলঙ্কা, নেপাল ও ভারতের বিপক্ষে পর্যায়ক্রমে টেস্ট (৫ ম্যাচ) সিরিজ খেলার লক্ষ্য।
আজ বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচবাংলা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও আয়োজক কমিটির সম্পাদক আব্দুল হক।
প্রতিযোগিতায় নারী বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, নড়াইল জেলা, ফরিদপুর জেলা ও জয়পুরহাট জেলা দল। পুরুষ বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
নারী ও ছেলে দুই বিভাগেই প্রাথমিক পর্বের খেলা হবে গ্রুপ ভিত্তিতে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। দুই বিভাগের সেমিফাইনাল বিজয়ী শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে। ২৪ ডিসেম্বর দুই বিভাগের ফাইনাল হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় দল গঠনে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ফেব্রুয়ারিতে আমরা টেস্ট (৫ ম্যাচ) সিরিজ খেলতে চাই। এ জন্য শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে আলোচনা চলছে। ভবিষ্যতে ভারতের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ। এছাড়া মেয়েদের বিশ্বকাপ আছে। তাদেরও প্রস্তুতি শুরু হবে একসঙ্গে।’