নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগানে তারুণ্যের উৎসবে শামিল হয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নীলফামারী, ফরিদপুর, টঙ্গী ও নাটোরের পর এবার নানা আয়োজন হয়েছে চুয়াডাঙ্গায়।
সোমবার সকালে জেলা প্রশাসক চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পরে তা চাঁদমারী খেলার মাঠে শেষ হয়। এরপর আর্চারি প্রতিযোগিতা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. খন্দকার গোলাম মওলা ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সোহেল আকরাম ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জানান, ‘ইতি খাতুনের মতো দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী আর্চার উঠে এসেছে চুয়াডাঙ্গা থেকে। এই জেলার মাঝে আছে অনেক সম্ভাবনা। নতুন নতুন ভালো মানের আর্চার তৈরিতে প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। তাই চুয়াডাঙ্গায় একটি প্রশিক্ষণ ভেন্যু তৈরিতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।’
এছাড়া ইনডোর আর্চারি চ্যাম্পিয়নশিপ চুয়াডাঙ্গায় হওয়ার সম্ভাবনার কথা জানান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এর আগে একবার ঢাকায় ইনডোর আর্চারি হয়েছিল।
তারুণ্যের উৎসবে আর্চারি প্রতিযোগিতায় হয়। ছেলে ও মেয়ে সহ মোট ৫৪ জন আর্চার অংশ নেয় প্রতিযোগিতায়। ছেলেদের এককে সোনা জিতেছেন সাকিব। আর রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন শিহাব ও শাহরুখ। মেয়েদের এককে তিশা জিতেছেন সোনা। আর মৌ রৌপ্য ও মনিকা ব্রোঞ্জ পদক জয় করেছেন।