লন্ডনে থাকা দ্রুততম মানব ইমরানুরের হঠাৎ ইউটার্ন!

মার্চে চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানব ইমরানুর রহমানকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন। ইমরান নিজেও তখন রাজি ছিলেন। এখন হঠাৎ ফেডারেশনে চিঠি পাঠিয়ে ইউটার্ন নিয়েছেন। বিশ্ব ইনডোর ছাড়াও এই মাসে জাতীয় অ্যাথলেটিকসে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন!

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইমরান গতকাল ফেডারেশনকে চিঠি দিয়ে আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ও বিশ্ব ইনডোরে অংশগ্রহণ করতে চায় না বলে জানিয়েছে। এই চিঠি পেয়ে আমরা বিপাকে পড়েছি। এখন কী আর করার, জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ না হলে ইনডোরেও কেউ খেলতে পারবে না।’ 

এরপরই শাহ আলম আরও জানিয়েছেন, ‘আগে ইমরানুর বলেছিল ও ফিট আছে। অনুশীলন করছে। প্রয়োজনে কোচের সঙ্গেও কথা বলতে বললো। আমরা আগের রেকর্ড দেখে তখন ওকে নিশ্চিত করি। এখন ও না করায় অন্য ব্যবস্থা নিতে হবে। ও যদি নাই খেলবে তাহলে কেন আগে রাজি হয়েছিল?’ 

ইমরান ইংরেজিতে লেখা চিঠি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দিয়েছেন। 

ইমরান এই প্রসঙ্গে লন্ডন থেকে বলেছেন, ‘এই মুহূর্তে আমি জাতীয় কিংবা বিশ্ব ইনডোরে খেলতে চাই না। ফেডারেশনকে না করে দিয়েছি। এই সময়ে অন্য প্রতিযোগিতায় খেলবো। ফেডারেশন তো আমাকে আগে প্রাথমিকভাবে নিশ্চিত করেছিল। তাই সমস্যা হবে বলে মনে হয় না। যারা যোগ্য তাদের যেন বিশ্ব ইনডোরে নেওয়া হয়। এটাই ফেডারেশনকে বলেছি। আর জাতীয় অ্যাথলেটিকসে আমার কারও সঙ্গে  চুক্তি নেই। আমি সেরা বিকল্প খুজছি।’