বাংলাদেশের দাবার সবশেষ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। সবচেয়ে সক্রিয় ছিলেন। খেলার পাশাপাশি কোচিং নিয়ে থাকতেন। তবে এখন সেটায় ভাটা পড়তে যাচ্ছে। আপাত ইংল্যান্ডে থিতু হয়েছেন।
গতকাল সপরিবারে ইংল্যান্ডের পোর্টসমাউথে গেছেন রাজীব। মূলত তার স্ত্রী মুনতাহা রুম্মান অর্থি ভূতাত্ত্বিক বিজ্ঞানের ওপর এমফিল করবেন। সেই সূত্রেই ইংল্যান্ডের জীবনযাপনকে বেছে নেওয়া।
রাজীবের স্ত্রীর পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের এমফিল কোর্স এক বছরের। এই সময়ে ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে খেলার চেষ্টা থাকবে গ্র্যান্ডমাস্টারের, 'বাংলাদেশে গত কয়েক বছর লিগ ও ন্যাশনাল ছাড়া তো তেমন কোনও টুর্নামেন্ট হয়নি। এই বছর ন্যাশনাল হয়তো বছরের শেষ দিকে হতে পারে। খেলার ইচ্ছে আছে এখনও। নির্ভর করবে সময়-সুযোগের ওপর।'
নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনাতে গিয়ে রাজীব জানালেন, 'অর্থি (স্ত্রী) এমফিল আগে শেষ করুক। এরপর আমরা পরের পরিকল্পনা করবো। দেশে ফেরারও ভাবনা আছে, আবার এখানে ভালো সুযোগ পেলেও কিছু করার সম্ভাবনা রয়েছে। সব কিছু নির্ভর করছে এমফিল শেষের পর।’