শ্রীলঙ্কার কলম্বো শহরে বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন গ্রুপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৬ খেলায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন এবং শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান, আন্তর্জাতিক মাস্টার জি এম এইচ তিলকরত্নে ও লিয়ানাগে পেসান্দু রাশমিথা সাড়ে চার পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওপেন গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফা সাজিদ সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন।
মহিলা বিভাগের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে শ্রীলঙ্কার মহিলা আন্তর্জাতিক মাস্টার গুনাবর্ধনা দিভিদিয়া ওশিনি ৬ খেলায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ শ্রীলঙ্কার মহিলা ক্যান্ডিডেট মাস্টার সানুদুলা কে এম দাহামদি ও রত্নানায়েকে দুলিনমা হেমালনি মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
ষষ্ঠ রাউন্ড শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ৪ পয়েন্ট নিয়ে অন্য তিন জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৩ পয়েন্ট পেয়েছেন।
আজ শনিবার বিকালে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে তাহসিন শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার জি এম এইচ তিলকরত্নের সঙ্গে ও ফাহাদ শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশানের সঙ্গে ড্র করেন। নীড় শ্রীলঙ্কার ভিরাসাকেরা দিশাল নিমসারাকে ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন শ্রীলঙ্কার গানিপোলা থুসানু ইয়াসমিথকে পরাজিত করেন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফ সাজিদ শ্রীলঙ্কার লিয়ানাগে পেসানদু রাশিমিথার কাছে হেরে যান।
মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ শ্রীলঙ্কার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নিউয়ানসা ইসানদির সঙ্গে ড্র করেন। রানী হামিদ শ্রীলঙ্কার মহিলা ক্যান্ডিডেট মাস্টার জয়াসুন্দরা থেরুনিকে হারান ও নোশিন আঞ্জুম শ্রীলঙ্কার মহিলা ক্যান্ডিডেট মাস্টার জি পি ওয়াই বিজয়সুরিয়ার সঙ্গে ড্র করেন।