শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল ৩.২ দাবায় বাংলাদেশের মহিলা বিভাগে ওয়াদিফা চ্যাম্পিয়ন হয়েছিলেন। ওপেন বিভাগে এবার আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়ও চ্যাম্পিয়ন হয়েছেন। ওয়াদিফার পাশাপাশি এশিয়ান জোনালে চ্যাম্পিয়ন হওয়ায় দাবা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
আজ সাড়ে ৫ ঘণ্টা লড়াই করে শেষ রাউন্ডে লঙ্কান দাবাড়ু দিলশানের সঙ্গে ড্র করেন নীড়। অন্য দিকে আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হারান ফিদে মাস্টার ইমনকে। এতে নীড় সাত পয়েন্ট এককভাবে শীর্ষে থেকে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেন।
এশিয়ান জোনাল দাবায় ওপেন বিভাগে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এই টুর্নামেন্টে কয়েক রাউন্ড পর্যন্ত একক ও যুগ্মভাবে শীর্ষে ছিলেন। অষ্টম রাউন্ডে নীড়ের কাছে হেরে পিছিয়ে পড়েন। আজ শেষ রাউন্ডে জিতে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে স্বাগতিকদের দিলশান, বাংলাদেশের ফাহাদ ও ইমনের সঙ্গে তাহসিনের সমান সাড়ে ছয় পয়েন্ট হয়। টাইব্রেকিং পদ্ধতিতে তাহসিন দ্বিতীয় ও দিলশান তৃতীয় হয়েছেন।
এশিয়ান জোনাল দাবায় তাহসিন দ্বিতীয় হওয়ায় একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন। তার প্রথম আইএম নর্মও দুই বছর ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান জোনাল থেকেই। এখন আরেকটি নর্মের পাশাপাশি ২৪০০ রেটিং স্পর্শ করলে আন্তর্জাতিক মাস্টার খেতাব পাবেন তাহসিন।