দুই বছর পর পর দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস হওয়ার কথা। কিন্তু নানান কারণে তা অনিয়মিত হয়ে পড়েছে। সবশেষ ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে হয়েছিল। এরপর তিনবার সময় দিয়েও আয়োজক পাকিস্তান তা করতে পারেনি। বুধবার অংশগ্রহণকারী দেশগুলোর কাছে চিঠি দিয়ে নতুন সূচি ঘোষণা করেছে আয়োজকরা। গেমসটি হবে ২০২৭ সালের ২৩-৩১ মার্চ রাজধানী ইসলামাবাদে।
এর আগে সবশেষ ২০২৬ সালের ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের তিন শহরে এসএ গেমস হওয়ার কথা ছিল। গত পরশু উজবেকিস্তানের তাসখন্দে নতুন দিনক্ষণ দিয়েছে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন। বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে চিঠিও হাতে পেয়েছে।
উজবেকিস্তানের তাসখন্দে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সাধারণ সভা ও সভাপতি নির্বাচন ছিল। দক্ষিণ এশিয়ার অলিম্পিক কমিটির প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘উজবেকিস্তানে পাকিস্তানের প্রতিনিধিরা এসএ গেমসের নতুন সূচি দিয়েছিল। আজ চিঠিও পেয়েছি। ২০২৬ সালের মার্চে হতে যাচ্ছে।'
এ নিয়ে চতুর্থবার সূচি দিল পাকিস্তান। এবারও কি সময়পরিবর্তন হবে? জোবায়দুর রহমান জানালেন, ‘আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। পাকিস্তান বলেছে এবার সূচিতে কোনও পরিবর্তন হবে না, ২০২৬ সালে হবেই। এখন নতুব সময় ধরেই আমাদের এগোতে হবে। অনুশীলনও সেভাবে হবে। এছাড়া এই বছরে আয়োজন সম্ভব না। অন্য গেমস রয়েছে।’