টানা দুই ম্যাচ জিতে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। নকআউট পর্বের কঠিন লড়াইয়ের আগে দলের বড় তারকাদের বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি ঝালিয়ে নেওয়ার সুযোগ জর্ডানের বিপক্ষে।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন, আগামী শনিবার (২৭ জুন) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা দলে আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। কানসাসের ট্রেনিং গ্রাউন্ডে মঙ্গলবারের অনুশীলনেই স্কালোনির এই ভাবনার স্পষ্ট আভাস মিলেছে।
এদিন দুই ভাগে অনুশীলন করেছে তারা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে যারা শুরুর একাদশে ছিলেন, তাঁরা মাঠে না নেমে জিমনেসিয়ামে হালকা ব্যায়াম করেছেন।
যারা খেলার সুযোগ পাননি বা কম সময় মাঠে ছিলেন, তারা ফুটবল জুতো পায়ে পুরোদমে ঘাম ঝরিয়েছেন। মাঠের এই অনুশীলনে ছিলেন হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস ওতামেন্দির মতো তারকারা। জর্ডানের বিপক্ষে এদের বেশিরভাগেরই শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেই সেই ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘পয়েন্ট টেবিলের অবস্থান আমাদের জন্য এখন আর কোনও চাপ তৈরি করছে না। আমাদের প্রথম লক্ষ্য ছিল শুরুর দুটি ম্যাচ জেতা, যা আমরা করতে পেরেছি। এখন আমরা পরিস্থিতি বিশ্লেষণ করবো। আমাদের পরিকল্পনা হলো, স্কোয়াডের যারা খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং যোগ্য, তাদের সুযোগ দেওয়া। পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা সেটিই করবো।’
তবে অনুশীলনের মাঠে একটা বড় শঙ্কা তৈরি হয়েছে ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়ে। অস্ট্রিয়া ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়া এই ডিফেন্ডারের চোটের গভীরতা মাপতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। জর্ডানের বিপক্ষে তার না খেলাটা অনেকটাই নিশ্চিত। অনুশীলনের শেষের দিকে অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে ট্র্যাকিং স্যুট আর কেডস পায়ে মাঠের পাশে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখতে দেখা গেছে।
সবচেয়ে বড় প্রশ্ন লিওনেল মেসিকে নিয়েই। অধিনায়ক হিসেবে মেসি সবসময়ই মাঠে থাকতে পছন্দ করেন, ম্যাচের গুরুত্ব যাই হোক না কেন। তবে সামনে যেহেতু নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচ, স্কালোনি হয়তো তার সেরা অস্ত্রকে এই ম্যাচে বিশ্রাম দিতে পারেন। মেসি যদি শেষ পর্যন্ত না খেলেন, তবে একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন তরুণ নিকোলাস পাজ। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের জায়গায় জেরোনিমো রুলিকে দেখা যেতে পারে।