হাঙ্গেরি থেকে আজ (সোমবার) সকালে ঢাকায় ফিরেছেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। দেশের বিমানবন্দরে পা রাখতেই সুখবর পেয়েছেন প্রতিভাবান এই দাবাড়ু। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
নীড় এখন গ্র্যান্ডমাস্টার (জিএম) হওয়ার অপেক্ষায়। দেশ-বিদেশে নিয়মিত টুর্নামেন্ট খেলছেন। এর মধ্যেও পড়াশোনায় দারুণ ফলাফল করেছেন তিনি।
নীড় অত্যন্ত মেধাবী। দাবার পাশাপাশি পড়াশোনাতেও মেধার স্বাক্ষর রেখেছেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। হাঙ্গেরি থেকে দেশে ফিরে পরীক্ষার ফলাফল পাওয়ার পর নীড় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জিপিএ ফাইভ পেয়েছি ভালো লাগছে। তবে জিএম (গ্র্যান্ডমাস্টার) নর্ম নিয়ে দেশে ফিরতে পারলে আরও বেশি খুশি হতাম। এর জন্য মনটা খারাপ। '
সারা বছর খেলা নিয়ে ব্যস্ততার মধ্যে পড়াশোনার সমন্বয় কীভাবে করেছেন, সে বিষয়ে নীড়ের বক্তব্য, ‘পরীক্ষার আগে এক মাসই মূলত বেশি সময় দিয়ে পড়েছি। খেলার মতো পড়াশোনাতেও ভালো ফলাফলের কৌশল রয়েছে। আমার আত্মবিশ্বাস ছিল ভালো ফল করতে পারবো। তাই হয়েছে।’
নীড় জিএম নর্ম অর্জনের লক্ষ্যেই হাঙ্গেরিতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়ে জিএম নর্মের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। শেষ রাউন্ডে জিতলেই জিএম নর্ম অর্জন করতেন। কিন্তু শেষ রাউন্ডে হেরে যাওয়ায় নর্ম পাওয়া হয়নি। এখন সামনের টুর্নামেন্টের অপেক্ষায় রয়েছেন এই দাবাড়ু।