টাইব্রেকিংয়ে শিরিন জিতলেন শিরোপা

জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন। বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ রানার-আপ এবং মহিলা ক্যান্ডিডেট ইশরাত জাহান দিবা তৃতীয় স্থান অর্জন করেছেন। দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন ও ওয়াদিফা এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার দিবা প্রত্যেকে ৯ খেলায় ৭ পয়েন্ট করে অর্জন করেছেন। টাইব্রেকিং পদ্ধতিতে  মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন শিরোপা জয় করেন, মহিলা আন্তর্জাতিক মাস্টার  ওয়াদিফা রানার-আপ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার দিবা হন তৃতীয়।

সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ৭ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের স্থান নির্ধারণ করা হয়। চতুর্থ হন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, পঞ্চম মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ষষ্ঠ বালাদেশ আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী, সপ্তম বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, অষ্টম মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, নবম ফেনির নুশরাত জাহান লিজা, দশম এসএসপিএল স্পের্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ।

ছয় পয়েন্ট করে অর্জন করেন ৫ জন খেলোয়াড়। টাইবেকিং পদ্ধতিতে তাদের মধ্যে গাইবান্ধার সানজিদা সাকিব একাদশ ও ঢাকা সিটির খন্দকার অনিকা মাওলা দ্বাদশ স্থান পেয়ে জাতীয় মহিলা ‘এ’ দাবায় উন্নীত হয়েছেন।

ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাজী জারিন তাসনিম ত্রয়োদশ, চট্টগ্রামের তাসফিয়া তাহসিন প্রিমা চতুর্দশ ও রাজশাহীর জান্নাতুল ফেরদৌসী পঞ্চদশ হয়ে বাদ পড়েছেন।