বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামালের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রাজশাহীর প্রবীণ ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল আর নেই। শনিবার রাজশাহীতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মাহমুদ জামাল চার দশকেরও বেশি সময় ধরে খেলাধুলার উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন। দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন এই ক্রীড়া সংগঠক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন মাহমুদ জামাল। ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হন তিনি। পরে ২০০৮ সালেও দ্বিতীয়বার একই দায়িত্বে নির্বাচিত হন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোকবার্তায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।