সেরেনার সম্মানে স্বর্ণ খচিত র‌্যাকেট



২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয় উপলক্ষ্যে নির্মিত স্বর্ণ খচিত র‌্যাকেট

যখনই টেনিসে সৃষ্টি হয় নতুন কোনও রেকর্ড, বিশ্বখ্যাত র‌্যাকেট নির্মাতা প্রতিষ্ঠান উইলসনও বাজারে নিয়ে আসে নতুন কিছু। তাদের সর্বশেষ উপহার সেরেনা উইলিয়ামসের অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা ও ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয় উপলক্ষে নির্মিত স্বর্ণ খচিত র‌্যাকেট।
আকর্ষণীয় কালো ডিজাইনের ওপর ২৪ ক্যারেট স্বর্ণের খোদাইয়ে রয়েছে ২৩ লেখাটি। ব্লেইড ব্র্যান্ডের যে র‌্যাকেট দিয়ে সেরেনা খেলেন তারই উন্নত সংস্করণ এটি। র‌্যাকেটের গ্রিপের নিচে বন্ধ করা হয়েছে নিখাদ স্বর্ণের পাত দিয়ে।
যেহেতু বিশেষ সংস্করণ, তাই উৎপাদনও ছিল খুবই কম। মাত্র ২৩টি র‌্যাকেট বিক্রি করেছে উইলসন কোম্পানি। দাম ছিল ৭২৩ ডলার, যেটা বাংলাদেশি টাকায় ৫৮ হাজার টাকার কাছাকাছি।
আর উইলসন টাকাটা নিজেরা নিচ্ছে না। ২৩টি র‌্যাকেটের বিক্রি থেকে পাওয়া অর্থের পুরোটাই দিয়েছে সেরেনা উইলিয়ামস ফান্ডে, যে ফান্ড দিয়ে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের সেবা করেন সেরেনা।
/আরএম/