ভুটান ও মালদ্বীপকে উড়িয়ে শুরু বাংলাদেশের

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ টেনিসের দলগত প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়া আঞ্চলিক কোয়ালিফাইংয়ের প্রথম দিনে বাংলাদেশ বালক দল ৩-০ ম্যাচে মালদ্বীপকে এবং বালিকা দল ৩-০ ম্যাচে ভুটানকে হারিয়েছে। 

বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের রাকিন আহমেদ ৬-০, ৬-০ গেমে মালদ্বীপের আগলিম আহমেদকে এবং দ্বিতীয় খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ৬-১, ৬-০ গেমে মিকা মোহাম্মদ কালিমকে হারায়।  বালক দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও মো. রাকিন হোসেন ৬-৩, ৬-২ গেমে আগলিম আহমেদ ও মো. কালিম জুটির বিপক্ষে জয়ী হয়। 

অন্যদিকে বালিকা বিভাগের প্রথম এককে বাংলাদেশের মাসতুরা আফরিন ৬-১, ৬-০ গেমে ভুটানের সানগে হাজিনকে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের হুমায়রা হায়দার জারা ৬-০, ৬-০ গেমে কেলজং হাসসুকে হারায়।

বালিকা দ্বৈতে মাসতুরা ও মালিহা জুটি ৬-২, ৭-৬ গেমে কেলজং ও সানগে জুটির বিপক্ষে জয় পায়। 

আগামীকাল বুধবার বাংলাদেশ বালক দল নেপালের  বিপক্ষে এবং বালিকা দল মালদ্বীপের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।