ফ্রেঞ্চ ওপেনে অপ্রত্যাশিত হার দেখেছেন টুর্নামেন্টটির সাবেক চ্যাম্পিয়ন ইয়েলেনা ওস্তাপেঙ্কো। তাও আবার অভিষেক ফ্রেঞ্চ ওপেন খেলতে নামা পেইটন স্টার্নসের কাছে।
লাতভিয়ান ১৭তম বাছাই ওস্তাপেঙ্কো ২০১৭ সালে রোঁলা গারোয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে অবশ্য সেসবের ছাপ ছিল না তার। যুক্তরাষ্ট্রের স্টার্নসের প্রথম সেটে হেরে দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৬-৩, ১-৬, ৬-২ গেমে হেরেছেন।
২১ বছর বয়সী স্টার্নস গত বছর ঘরের মাঠে ইউএস ওপেনে অভিষেক করলেও দেশের বাইরের গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে এবারই প্রথম অংশ নিয়েছেন। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ রাশিয়ার নবম বাছাই দারিয়া কাসাতকিনা।
বিদায় নিয়েছেন স্বাগতিকদের ফেভারিট ক্যারোলিনা গার্সিয়াও। দ্বিতীয় রাউন্ডে আনা ব্লিনকোভার কাছে হার মেনেছেন তিনি। তাতে ফ্রেঞ্চ ওপেন থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ র্যাঙ্কধারী নারী খেলোয়াড় হিসেবে বিদায় নিয়েছেন গার্সিয়া। পঞ্চম বাছাই গার্সিয়া হার মেনেছেন ৪-৬, ৬-৩, ৭-৫ গেমে।