আলকারেজের চোটের সুযোগ নিয়ে ফাইনালে জোকোভিচ

রেকর্ড ২৩তম মেজর টাইটেল থেকে আর একটি জয় দূরে নোভাক জোকোভিচ। শুক্রবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে তার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছিল কার্লোস আলকারেজ। কিন্তু চোটে পড়েন তিনি। স্প্যানিশ প্রতিপক্ষের চোটের সুযোগ নিয়ে ফাইনালে উঠলেন জোকোভিচ।

দুই সেট শেষে সমানে সমান ছিল সেমিফাইনাল। তৃতীয় সেটে গিয়ে ক্র্যাম্পের শিকার হন আলকারেজ। আর পারেননি। দুইবার চিকিৎসা নিতে হয়। জোকোভিচ সেই সুযোগের সদ্ব্যবহার করেন ভালোভাবে। ৬-৩, ৬-৭, ৬-১, ৬-১ গেমে জেতেন সেমিফাইনাল।

রবিবারের ফাইনালে জোকোভিচ লড়বেন ক্যাস্পার রুড কিংবা আলেক্সান্দার জভেরেভের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন তারা।

ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘প্রথম ও শেষ কথা আমাকে বলতেই হচ্ছে, কার্লোসের ভাগ্যটা ছিল কঠিন। তার জন্য আমার দুঃখ হচ্ছে। সে জানে তার বয়স কম, সামনে তার অনেক সময় আছে। সে অনেকবার এই টুর্নামেন্ট জিতবে।’