ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে ছাড়ালেন জোকোভিচ

শুরুটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন নোভাক জোকোভিচ। বুক চিতিয়ে লড়াই করে ঠিক নিজের রেকর্ড ২৩তম গ্র‍্যান্ড স্লাম জিতলেন সার্ব তারকা। রবিবার ক্যাস্পার রুডকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন তিনি।

৩৬ বছর বয়সী জোকোভিচ টাইব্রেকারে প্রথম সেট জিতে নেন। শেষ সেটেও প্রতিরোধের মুখে পড়েন তিনি। ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে নরওয়ের প্রতিপক্ষকে হারান তিনি।

তাতে পুরুষ এককের সর্বোচ্চ গ্র‍্যান্ড স্লাম জয়ে রাফায়েল নাদালকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে জোকোভিচ। প্যারিসে জিতে সেরেনা উইলিয়ামসের পাশে তিনি। তার সামনে কেবল ২৪ গ্র‍্যান্ড স্লাম জয়ী মার্গারেট কোর্ট। আগামী মাসের উইম্বলডন জিতে তাকে ছোঁয়ার সুযোগ জোকোভিচের, যেখানে সাতবারের চ্যাম্পিয়ন তিনি।

এনিয়ে তিন ফাইনালের সবগুলো হারা রুড বলেন, 'আরেকটি দিন, আরেকটি রেকর্ড।' সার্ব তারকাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, 'আরেকটি দিনে তুমি নতুন করে টেনিস ইতিহাস লিখলে। তুমি কতটা সেরা আর কত অনুপ্রেরণার, তা ব্যাখ্যা করা কঠিন।'

প্রথম খেলোয়াড় হিসেবে চার গ্র‍্যান্ড স্লামের সবগুলোই অন্তত তিনটি করে জেতা জোকোভিচ আবার র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরছেন।