উইম্বলডনে শিরোপা ধরে রাখার মিশনে দারুণ শুরু হলো নোভাক জোকোভিচের। সার্ব তারকা বৃষ্টি বিলম্বিত ম্যাচে পেদ্রো কাচিনকে ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
খেলার ফল বের হতে প্রায় ৪ ঘণ্টা লেগেছে। তবে কোর্টে জোকোভিচ সময় নেন ২ ঘণ্টার মতো। পরের রাউন্ডে তিনি খেলবেন জর্ডান থম্পসনের বিপক্ষে।
সেন্টার কোর্টে প্রথম সেট জেতার পরপর বৃষ্টির ফোঁটা পড়তে থাকে। কোর্ট কাভার দিয়ে ঢেকে ফেলা হয়, ছাদও দেওয়া হয়। কিন্তু কোর্ট পিচ্ছিল থাকায় আর খেলা হয়নি। কোর্ট শুকাতে তিন জন কর্মী লিফব্লোয়ার নিয়ে নেমে যান। এমনকি জোকোভিচও তোয়ালে দিয়ে পানি তুলে তাদের সাহায্য করে হাসির উপলক্ষ তৈরি করেন।
দেড় ঘণ্টা পর খেলা শুরু হলে জোকোভিচ উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডের টিকিট প্রত্যাশামাফিক নিশ্চিত করেন।