ফ্রেঞ্চ ওপেনে হ্যাটট্রিক শিরোপার আরও কাছে সিওনতেক

একে একে সব বাধা পেরিয়ে পাঁচ বছরে চতুর্থবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পা রাখলেন ইগা সিওনতেক। ২০২০ সালে প্রথমবার রোলাঁ গারোঁতে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন এই পোলিশ। পরের বছর শ্রেষ্ঠত্ব হারালেও টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন এই ক্লে কোর্টে। এবার তো হ্যাটট্রিক শিরোপার আরও কাছে পৌঁছে গেলেন, চাই আর একটি জয়।

বৃহস্পতিবার মেয়েদের এককের প্রথম সেমিফাইনালে কোকো গউফকে দাপট দেখিয়ে হারান চারটি গ্র্যান্ডস্লাম জয়ী।

২০০৭ সালে জাস্টিন হেনিনের পর প্রথম নারী হিসেবে টানা তিন বছর এই টুর্নামেন্টে শিরোপা জয়ের পথে সিওনতেক। 

৬-২, ৬-৪ গেমে জেতার পর তিনি বলেছেন, ‘দ্বিতীয় সেট ছিল তীব্র লড়াই। এতটা হাড্ডাহাড্ডি হওয়ার কারণ আমরা দুজনই ব্রেক করছিলাম। কিন্তু আমি খুশি যে আমার ট্যাকটিকসে লেগে ছিলাম এবং শেষ পর্যন্ত ওভাবেই খেলেছি।’

পোলিশ এই টেনিস তারকার রোলাঁ গাঁরোতে জয়-পরাজয়ের রেকর্ড এখন ৩৪-২। এই ইভেন্টে টানা ২০ ম্যাচ জিতেছেন তিনি। এর আগে চারবার গ্র্যান্ডস্লাম ফাইনালে উঠে একবারও খালি হাতে ফেরেননি। সেই ধারা ধরে রাখতে তাকে শনিবার পার হতে হবে শেষ বাধা, যেখানে তার প্রতিপক্ষ ১২তম বাছাই জেসমিন পাওলিনি।