ইউএস ওপেনের গত আসরটা আক্ষেপ হয়ে ছিল আরিয়ানা সাবালেঙ্কার। ফাইনালে পৌঁছাতে পারলেও কোকে গাউফের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছেন। রাগে ক্ষোভে তার পর লকার রুমে আছাড় মেরে ভেঙে ফেলেন নিজের র্যাকেট। সেই সাবালেঙ্কাই এবারের ইউএস ওপেনের নতুন রানী।
ক্যারিয়ারের প্রথম ইউএস ওপেন জিততে এই বেলারুশিয়ান থ্রিলারের জন্ম দিয়ে ৭-৫, ৭-৫ গেমে জেসিকা পেগুলাকে হারিয়েছেন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন ধরে রাখার পর এটি সাবালেঙ্কার তৃতীয় গ্র্যান্ড স্লাম।
গত বছরের হতাশা পেছনে ফেলে কেমন লাগছে সাবালেঙ্কার? প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘এই মুহূর্তে ভাষা হারিয়ে ফেলেছি। এটা সব সময় আমার স্বপ্ন ছিল। অবশেষে সুন্দর ট্রফিটি আমি জিততে পেরেছি।’
২৬ বছর বয়সী সাবালেঙ্কা নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। ফাইনালে জয় নিশ্চিত হওয়ার পর উদযাপনের জন্য দৌড়ে চলে যান প্লেয়ার্স বক্সে। জড়িয়ে ধরেন দলের সঙ্গীদের। মজার ছলে স্ট্রেংথ ও কন্ডিশন কোচ জেসন স্ট্যাসির মাথায় হালকা চড় মারার মতো ভঙ্গিও করেন। তার পর সাবালেঙ্কা বলেন, ‘স্বপ্ন পূরণে যদি কঠোর পরিশ্রম করেন এবং ত্যাগ স্বীকার করেন। তাহলে একদিন না একদিন সেটা মিলবেই। এই মুহূর্তে নিজেকে নিয়ে আমি খুবই গর্বিত।’
এই জয়ে র্যাঙ্কিংয়ে ২ হাজার পয়েন্ট পাচ্ছেন সাবালেঙ্কা। সঙ্গে মিলছে ৩.৬ মিলিয়ন ডলার প্রাইজ মানি।
এই পরাজয়ে পেগুলার প্রথম মেজর শিরোপা জয়ের অপেক্ষাটা আরও বড় হলো। যিনি প্রথমবার গ্র্যান্ড স্লাম ফাইনালে খেলতে নেমেছিলেন।