অস্ট্রেলিয়ার বিপক্ষে পাল্লেকেল্লে টেস্টের ওই ইনিংসের ডাবল সেঞ্চুরির আক্ষেপটা ভোলেননি মেন্ডিস। গল টেস্টে সেই হতাশা দূর করতে চান লঙ্কান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
মঙ্গলবার প্রথম দিন শেষে তার নামের পাশে ১৬৬ রান। বুধবার দ্বিতীয় দিনে তার সামনে সুযোগ থাকছে সংখ্যা দুইশ ছাড়িয়ে যাওয়ার। অথচ এদিন সকালে শূন্য রানে জীবন পেয়েছিলেন মেন্ডিস। সেটাকেই দেড়শতাধিকের নেন তিনি।
ডাবল সেঞ্চুরি প্রসঙ্গে প্রশ্ন উঠলে তিনি বলেছেন, ‘পাল্লেকেল্লেতে ডাবল সেঞ্চুরি না পাওয়াটা ছিল হতাশার। এই মুহূর্তে আমি সেট ব্যাটসম্যান। দল আমার কাছে বড় স্কোর চায়। চেষ্টা করব ডাবল সেঞ্চুরির মাইলফলকটা স্পর্শ করার।’
মেন্ডিস পুরো ক্যারিয়ারে দুই থেকে পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন। তবে বেশির ভাগ সময়ই তিন কিংবা চারে ব্যাটিং করেছেন। কোন জায়গায় সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন জানতে চাইলে তিনি বলেছেন, ‘পর্যায়ক্রমে আমি সব জায়গাতে ব্যাটিং করে অভ্যস্ত। চার কিংবা তিনের মধ্যে তেমন কোনও পার্থক্য দেখি না। দলের স্বার্থে সব জায়গায় খেলার জন্য প্রস্তুত থাকা জরুরি।’
শূন্য রানে আউট হয়ে বেঁচে যাওয়ার পর নিজের পরিকল্পনা কী ছিল জানতে চাইলে মেন্ডিস বলেছেন, ‘এই শটটি খুব বাজে ছিল। তারপরও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। তখন ভাবছিলাম সুযোগটা কাজে লাগাতে হবে। দলের জন্য বড় রান করতে হবে।’
/আরআই/এফএইচএম/