ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ বলেছেন, ‘যে কোনও সিরিজে জয় দিয়ে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। এই জয়ে আমরা দারুণ খুশি। আমাদের মানসিক অবস্থা অনেক ভালো। দ্বিতীয় টেস্টে এই জয় প্রেরণা হিসেবে কাজ করবে।’
বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন হেরাথ, ‘তারা ভালো ব্যাটিং করেছে! বিশেষ করে মুশফিক ও সৌম্য ভালো ব্যাটিং করেছে। পিচটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। কিন্তু তাদেরকে ধৈর্য্য ধরতে হবে।’
ম্যাচটি ড্র করা কতোটা কঠিন ছিল? এমন প্রশ্নে ৩৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার বলেছেন, ‘এটা অনেক কিছুর উপর নির্ভর করে। আমাদের বোলাররা অসাধারণ বোলিং করেছে। বোলারদের কৃতিত্ব দিতেই হবে। উইকেটে কিছু না থাকা স্বত্ত্বেও তারা দারুণ বোলিং করেছে। আমি মনে করি শেষ দিনে উইকেটের কিছুটা চরিত্র বদল হলেও ব্যাটিং করার জন্য দারুণ ছিল।’
৪৫৭ রানের টার্গেট দিয়ে আত্মবিশ্বাসী ছিল লঙ্কানরা। কেন না চতুর্থ ইনিংসে এই রান তাড়া করা আরও কঠিন। বাংলাদেশকে লক্ষ্য দিয়ে বেশ নির্ভার ছিলেন হেরাথ, ‘শেষ দিন খেলা সহজ নয়। ৪৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করা খুব কঠিন। তাও আবার তিনজন স্পিনারের বিপক্ষে। সান্দাকান (লাকশান) ও পেরেরা (দিলরুয়ান) অনেক সমর্থন দিয়েছে। চতুর্থ ইনিংসে চার’শ রান করা অনেক চ্যালেঞ্জের।’
/আরআই/এফএইচএম/