স্পোর্টিং উইকেট ভেবেই বাংলাদেশের পরিকল্পনা

উইকেট পরীক্ষা করছেন হাথুরুসিংহে ও মুশফিক

বাংলাদেশের শততম টেস্টে পি সারা ওভালে স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে। এখানেই বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ২২ গজে মুখোমুখি হবে বাংলাদেশ।

ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় দেড়টা। বাংলাদেশ দলের গাড়ি পি সারা ওভালের মূল ফটকে ঢুকতেই সবার আগে নামলেন মুশফিকুর রহিম। সবার শেষে সহঅধিনায়ক তামিম ইকবাল।

এর মধ্যে সবার আগে কোচ চান্ডিকা হাথুরুসিংহে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন বাংলাদেশের শততম টেস্ট ম্যাচের উইকেটটি।

খানিক পরই উইকেটমুখী হলেন তামিম। এর কিছুক্ষণ বাদেই মুশফিকও উইকেট পরখ করতে বের হলেন ড্রেসিংরুম থেকে। উইকেটের দুই প্রান্তে মুশফিক-তামিম, মাঝখানে হাথুরুসিংহে। খুঁটিয়ে খুঁটিয়ে আঙুল দিয়ে চেপে চেপে উইকেট পরখ করে দেখছেন আগামী পাঁচদিন কীভাবে লড়বেন এমন উইকেটে! এই তিনজনের সঙ্গে খানিকবাদে যোগ দিলেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও।

প্রায় ১০ মিনিট উইকেট নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করে অধিনায়ক-সহঅধিনায়ক-কোচ তিনজন মিলে আলোচনা করলেন। হয়তো তাদের আলোচনার বিষয়বস্তু ছিল মূল একাদশ কেমন হবে। উইকেটের যা অবস্থা তাতে করে তিনজন পেসার খেলানোর সম্ভাবনাই বেশি। হয়তো কামরুল ইসলাম রাব্বির সুযোগ হতে পারে এই টেস্টে। সেক্ষেত্রে বসে যেতে হবে শুভাশীষ রায়কে।

উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে মুশফিক এই মাঠে তার টেস্ট ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। ওই একটিমাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আগের অভিজ্ঞতা এবং উইকেটের কন্ডিশন দেখে তার ধারণা উইকেট স্পোর্টিং হবে, ‘পি সারায় এর আগে আমি একটি টেস্ট খেলেছি। এ ছাড়া খেলা দেখেছি। এখানে সাধারণত শুরুর দিকে পেসাররা সাহায্য পায়। মাটিটা অন্য রকম বলে বাউন্স থাকে। উইকেট একটু শুকনো। অর্থাৎ দিন যতো যাবে স্পিনাররা ততো সহায়তা পাবে।’

তিনি আরও যোগ করেন, ‘শুধু বোলাররা নয়, ব্যটসম্যানরাও এখানে খুব ভালো রান পায়। অনেক রেকর্ডও আছে। আমার মনে হয়, ব্যাটসম্যানরা মন দিয়ে খেলতে পারলে তাদেরও অনেক কিছু করার আছে। সব মিলিয়ে আমার মনে হয় এটা একটা স্পোর্টিং উইকেট।’

স্কোয়াডে থাকা সবাই যোগ্য। তাদের মধ্য থেকে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, ‘যাদের ভূমিকায় বাংলাদেশ দল জিততে পারে। এ রকম ১১ জনকে নিয়ে এই ম্যাচের একাদশ গঠন করা হবে। এরাই খেলবে।’

/আরআই/এফএইচএম/