কলম্বোতে শততম টেস্টে আক্ষেপে পুড়তে হচ্ছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে। তাদের সামনে সুযোগ ছিল তামিম-ইমরুল জুটিকে টপকে যাওয়ার। কিন্তু মাত্র ১১ রানের জন্য বাংলাদেশের হয়ে একটি রেকর্ডে নাম লেখানো হয়নি মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ এই জুটির। মুশফিক ও সাকিব ব্যাটিং ক্রিজে ৫০ ইনিংস একসঙ্গে খেলে করলেন ২ হাজার ২৬৫ রান। বাংলাদেশের ক্রিকেটে কোনও জুটির পক্ষে যেটা দ্বিতীয় সর্বোচ্চ।
তাদের চেয়ে ১০ রানে এগিয়ে আছেন ইমরুল-তামিম জুটি। ৪৯ ইনিংসে তাদের সংগ্রহ ২ হাজার ২৭৫ রান। তাদের চেয়ে ১০৩ রান পিছিয়ে থেকে বৃহস্পতিবার জুটি বেধেছিলেন সাকিব ও মুশফিক।
শুক্রবার ম্যাচের তৃতীয় দিন প্রথম ঘণ্টা দেখে শুনে আরও ৬১ রান যোগ করেছিলেন সাকিব ও মুশফিক। কিন্তু প্রথম ঘণ্টা শেষে হাফসেঞ্চুরি তুলে নিয়েই একটু এলোমেলো হয়ে গেলেন বাংলাদেশের অধিনায়ক। রঙ্গনা হেরাথের নিশ্চিত আউটটি আম্পায়ারের কল্যাণে বেঁচে গিয়ে শেষ রক্ষা হয়নি তার। এক ওভার পরেই লাকমালের নতুন বলে পরিষ্কার বোল্ড হলেন মুশফিক। আর তাতেই ৯২ রানের জুটি ভাঙে দুইজনের।
বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জুটির মালিক হাবিবুল বাশার ও জাভেদ ওমর। তারা ৩২ ইনিংসে ১ হাজার ৩২১ রান করেছেন। চতুর্থ সর্বোচ্চ জুটি তামিম ও জুনায়েদের। ২৭ ইনিংসে তারা সংগ্রহ করেছেন ১ হাজার ৮ রান।
সবচেয়ে বেশি পঞ্চাশের উপর ইনিংস এসেছে সাকিব ও মুশফিকের জুটিতেই। এই দুই জনের কাছ থেকে ১৫টি হাফসেঞ্চুরি ছাড়াও চারটি শতাধিক রানের জুটি পেয়েছে দল। এছাড়া চারটি করে সেঞ্চুরি রয়েছে তামিম-ইমরুল ও মুমিনুল-তামিম জুটিতে।
তবে সবচেয়ে বেশি সেঞ্চুরির জুটি হাবিবুল বাশার ও জাভেদ ওমরের। তাদের জুটিতে ৫টি সেঞ্চুরি ছাড়া রয়েছে ৫টি হাফসেঞ্চুরির জুটি।
/আরআই/এফএইচএম/