টেস্ট ও ওয়ানডে সিরিজ ড্র হওয়ার পর দু’দলের চোখ এখন টি-টোয়েন্টি ট্রফিতে। শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা তো পরোক্ষে ঘোষণাই দিয়েছেন সিরিজ জেতার। এমন ঘোষণা না দিলেও মাশরাফির বিশ্বাস, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে, ‘দুই দলই চাইবে সিরিজ জিততে। প্রথম ম্যাচ আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো। যদিও আমরা শেষ ওয়ানডেতে তা করতে পারিনি। এটা ভিন্ন ফরম্যাট। অবশ্য এই ফরম্যাটে আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো না। আশা করি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি ভালো কিছুই হবে।’
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ বড় ব্যবধানে হারলেও মাশরাফির আশা, পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে পারলে মঙ্গলবার জয় পেতে সমস্যা হবে না, ‘আমরা দুটি ম্যাচই জিততে চেয়েছিলাম। কোনও কারণে তা হয়নি। তার মানে এই নয় যে আমরা পরের দুই ম্যাচ জিততে পারব না। আমাদের রিল্যাক্সড থাকতে হবে, যে পরিকল্পনাই থাকুক, সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা চাই প্রথম ম্যাচটি জিততে, সেটা হলে সিরিজ জেতা সহজ হবে।’
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা শক্ত প্রতিপক্ষ। এই সিরিজে তারাই ফেভারিট। মাশরাফি অবশ্য এ নিয়ে তেমন চিন্তিত নন, ‘শ্রীলঙ্কা ফেভারিট হলেও বিষয়টা এমন নয় যে আমরা নিজেদের সেরাটা দিলে জিতব না। আমাদের বিশ্বাস, যদি সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরাই জিততে পারব।’
/আরআই/এএআর/