গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা বসবে। মেলার বিস্তারিত জানাতে সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন।
বিস্তারিত তথ্য তুলে ধরেন মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী। তিনি জানান এবারের মেলা এক্সপো মেকারের আয়োজনে ১৭তম ল্যাপটপ মেলা। মেলার ১টি মেগা প্যাভিলিয়ন, ৭টি মিনি প্যাভিলিয়ন ও ৪৭টি স্টলে দেশে বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রর্দশন ও বিক্রি করবে। মেলার এবারের আকর্ষণ কম দামের ল্যাপটপ।
সংবাদ সম্মেলনে জানানো হয় আসুস, এসার, ডেল, এইচপি, লাভা, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডি-লিংক, আইনল, শাওমি, মাইক্রোল্যাব, অ্যাভিরা, ইসেট অ্যান্টিভাইরাস, ইন্টেল সিকিউরিটি, রাপু, এ-ডাটা, পান্ডার ব্র্যান্ড মেলায় প্রতিনিধিত্ব করবে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়্যারমান আবদুল ফাত্তাহ, এসারের কান্ট্রি রিপ্রেজেনটিটিভ সাকিব হাসান, ডেলের মার্কেটিং ম্যানেজার প্রতাপ সাহা ও এইচপি প্রতিনিধি আদিল মাহমুদ।
মেলায় পাওয়া যাবে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের প্রয়োজনী যন্ত্রাংশ। বিশেষ ছাড় ও উপহারের পাশাপাশি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে বলে জানান স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এবারে মেলায় টিকিট বিক্রির অর্থ দেওয়া হবে ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত জান্নাতুল ফেরদাউস সোমাকে।
মেলার কো-স্পন্সর এসার, আসুস, ডেল ও এইচপি। স্মার্টফোন পার্টনার লাভা। টিকিট বুথ পার্টনার পান্ডা সিকিউরিটি।
তিন দিনের এ মেলা প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়। প্রবেশমূল্য ৩০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। এছাড়া প্রতিবন্ধীরাও বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।
/এইচএএইচ/
আরও পড়তে পারেন: এক রাতের ঘটনা যেভাবে হয়ে উঠলো ‘বিশ্ব ভয়েস’