অবৈধ সিম নিবন্ধনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে: তারানা হালিম





তারানা হালিমঅবৈধ সিম নিবন্ধনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, মোবাইলফোন অপারেটরদের এ দায় নিতে হবে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।


বায়োমেট্রিক নিবন্ধনে জালিয়াতির প্রসঙ্গে তারানা হালিম বলেন, পুলিশ এই চক্রকে ধরতে দেশব্যাপী অভিযান চালাচ্ছে। বায়োমেট্রিক পদ্ধতির কারণেই সিম জালিয়াতির সঙ্গে জড়িত চক্রকে ধরা সম্ভব হচ্ছে। তিনি সিম নিবন্ধনের বিষয়ে মোবাইলফোন ব্যবহারকারীদের আরও সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী ৭ জুলাই থেকে গ্রাহকের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তার একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম নিবন্ধিত হয়েছে। তবে কারও মনে কোনও নিবন্ধিত সিম সংখ্যা নিয়ে কোনও সন্দেহ, প্রশ্ন থাকলে তিনি ওই অপারেটরকে জানাতে পারবেন।
/এইচএএইচ/এমএনএইচ/