২০২১ সালের মধ্যে বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) খাত থেকে ১০০ কোটি ডলার আয়ের আশা জাগিয়ে পর্দা নামলো বিপিও সামিট বাংলাদেশ- ২০১৬ এর। বর্তমানে এই খাত থেকে আয়ের পরিমাণ ১৮ কোটি ডলার। ২০১৫ সালে যা ছিল ১৩ কোটি ডলার। শুক্রবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বিপিও সামিটের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ আশা জাগানিয়া তথ্য জানান।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘তরুণদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নহীন বা গন্তব্যহীন জাতি কোনও দিন ভালো করতে পারে না। বর্তমান সরকার আইসিটি খাতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়াই সরকারের লক্ষ্য। সরকার আইসিটি খাতে তরুণদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য হিসেবে গড়ে তুলছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমি স্বপ্ন দেখি অল্পদিনের মধ্যে আমরা বাংলাদেশ থেকে মাইক্রোসফট, অ্যাপল, গুগলের মতো তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান তৈরি করতে পারবে। ২০২১ সালের মধ্যে বিপিও খাত থেকে আমরা ১০০ কোটি ডলার আয়ের আশা করছি। এই খাতে ১ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।’
অর্থমন্ত্রী বলেন, ‘সম্মেলনে বিদেশিরা এসে আমাদের বলেছেন বাংলাদেশের সবকিছু ঠিক আছে। এ দেশের তরুণরা প্রস্তুত। এটাই আমাদের জন্য বড় স্বীকৃতি। আমরা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেই তখন আমরা কোনও রূপরেখা ঠিক করে দেইনি। আমরা জানতাম তরুণরাই এসব ঠিক করে নেবে। আমাদের ভাবনা সত্যি হয়েছে, তরুণরাই তাদের গন্তব্য ঠিক করে নিয়েছে।’
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণদের প্রযুক্তি ক্ষেত্রে আগ্রহী করে গড়ে তুলতে হবে। তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তরুণরা এগিয়ে না এলে দেশ এগিয়ে যাবে না। আইসিটি বিভাগের বাজেট শতকরা ৫০ ভাগ বেড়েছে। আমাদের দেশের বাজারও বড় হয়েছে বলেও জানান পলক।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, আইসিটি অধিদফতরের মহাপরিচালক বনমালী ভৌমিক ও বাক্যের সভাপতি আহমাদুল হক।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) যৌথ উদ্যোগে দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বিপিও সামিট বাংলাদেশ ২০১৬। সমাপনী অনুষ্ঠানের শেষে ছিল সিএক্সও নাইট। এছাড়া বাংলাদেশের বিপিও খাতে বিশেষ অবদান রাখায় একটি বিদেশি ও ৭টি দেশি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
আরও পড়তে পারেন: বিপিও খাতে চাকরি পেতে ২১ হাজার আবেদন
/এইচএএইচ/এমও/এসটি/