মোবাইল কোম্পানিগুলোর বেআইনি ‘নেটওয়ার্ক ট্রান্সমিশন’ বাণিজ্য তদন্ত করবে বিটিআরসি

বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের বেআইনি ‘ট্রান্সমিশন’ বাণিজ্য সম্পর্কে তদন্তের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মোবাইল ফোন অপারেটরদের বেআইনি ‘নেটওয়ার্ক ট্রান্সমিশন’ বাণিজ্য তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘কমিটি মোবাইল ফোন অপারেটরদের অবকাঠামো এবং তাদের গ্রাহক সেবার জন্য দেওয় ‘ট্রান্সমিশন সার্ভিস’ পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। কোনও অপারেটরকেই বেআইনি ব্যবসা চালাতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, এই বিষয়ে কমিটি সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে একটি সার্বিক প্রতিবেদন দাখিল করবে।

বিটিআরসির লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন তদন্ত কমিটির নেতৃত্ব দিবেন। কমিটির অপর সদস্যরা হলেন, বিটিআরসির ইঞ্জিনিয়ারিং, অপারেশন ও আইন বিভাগের কর্মকর্তা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন অমান্য করে অন্য একটি সহযোগী প্রতিষ্ঠানকে গ্রামীণ ফোনের নিজস্ব ‘ট্রান্সমিশন নেটওয়ার্ক’ ব্যবহারের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেডকে ‘ব্রডব্যান্ড’ সেবা দেওয়ার ঘটনায় গ্রামীণ ফোনের সংশ্লিষ্টতা পাওয়ার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ঘটনায় ইতিমধ্যেই গ্রামীণ ফোনকে ৩০ কোটি টাকা জরিমানা করেছে বিটিআরসি। চলতি মাসের মধ্যে এই জরিমানার টাকা পরিশোধ করতে হবে। খবর বাসস।

/এসটি/