রবি’কে একীভূত কোম্পানির লাইসেন্স হস্তান্তর বিটিআরসি’র

রবি’কে একীভূত কোম্পানির লাইসেন্স হস্তান্তরমোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের কাছে ‘রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড’এর একীভূত কোম্পানির লাইসেন্স তুলে দেওয়া হয়েছে। শনিবার (১৯ জুলাই) রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মাহতাব উদ্দিন আহমদের হাতে লাইসেন্স হস্তান্তর করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় বলে রবি আজিয়াটার পক্ষ থেকে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  এসময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উচ্চ আদালতের অনুমোদন নিয়ে ২০১৬ সালের ১৬ নভেম্বর থেকে রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড একীভূত হয়ে যায়। এরপর থেকে রবির একটি স্বাধীন ব্রান্ড হিসেবে কাজ করছে এয়ারটেল।

প্রতিমন্ত্রী তারানা হালিম এ ঘটনাকে একটি মাইলফলক হিসেবে অভিহিত করে বলেন, কোম্পানি একীভূত হওয়ার ইতিহাসে বাংলাদেশে এটি ঐতিহাসিক ঘটনা। এর আগে কখনও এতো বড় দুটো কোম্পানি একীভূত হওয়ার মতো ঘটনা ঘটেনি এদেশে। এর ফলে বিনিয়ৈাগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে বিটিআরসি-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন,  একীভূত হওয়ার কোম্পানিটির সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করি। জনস্বার্থে যেকোন সহযোগিতা করতে বিটিআরসি সবসময় প্রস্তুত বলেও জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল কোম্পানি এয়ারটেল। ভারতের ভারতীয় এন্টারপ্রাইজের একটি কোম্পানি এটি। ২০১৬ সালে মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপের সাথে একীভূত হওয়ার বিষয়ে সম্মত হয় কোম্পানিটি। এরপর উচ্চআদালতের অনুমতিক্রমে তা বাস্তবায়িত হয়।

/এইচএএইচ/এএইচ/টিএন/