আসছে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাটারি

পৃথিবীর সবচেয়ে বড় ব্যাটারির দ্রুতই সবার সামনে হাজির করবে টেসলা। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যালন মাস্ক এমনটিই জানিয়েছেন। তিনি জানান, ইতিমধ্যে এই ব্যাটারির অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। আগামী ১০০ দিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে।

এই ব্যাটারি চার্জ হবে বাতাসের সাহায্যেবিশ্বের সবচেয়ে বড় এ ব্যাটারি তৈরি হচ্ছে সাউথ অস্ট্রেলিয়ায়। এর ক্ষমতা ১০০ মেগাওয়াট। বর্তমানে বিশ্ব বাজারে যেসব বড় ব্যাটারি রয়েছে সেগুলোর চেয়ে এটা তিন গুণ বড়। টেসলার এই ব্যাটারি চার্জ হবে বাতাসের সাহায্যে। ফলে সাউথ অস্ট্রেলিয়া অঞ্চলে বিদ্যুৎ সংকট কিছুটা কমে আসবে বলে মনে করছেন নির্মাতারা।

বর্তমানে ওই অঞ্চলে প্রায়ই বিদ্যুৎ সমস্যা দেখা দেয়। টেসলার নির্মিত ব্যাটারি এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে শহর কর্তৃপক্ষ।

বড় এই ব্যাটারি নিয়ে টুইটারে এক ধরনের বাজিও হয়ে গেছে। যেখানে মাস্ক অস্ট্রেলিয়ান সফটওয়্যার বিলিয়নিয়ার মাইক ক্যাননকে বলেছেন, ‘আগামী ১০০ দিনের মধ্যেই এই ব্যাটারি নির্মাণ করা হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে সাউথ অস্ট্রেলিয়া কর্তৃপক্ষকে এটা বিনামূল্যে দেওয়া হবে।’

সূত্র: বিবিসি, মেইল অনলাইন