প্রযুক্তিগত অবস্থান দেখেই সোফিয়া বাংলাদেশে এসেছে: পলক

‘সোফিয়াকে বাংলাদেশে আনতে সংশ্লিষ্টদের বেশ কয়েকটি পথ পাড়ি দিতে হয়েছে। এর সঙ্গে টাকার ব্যাপার তো আছেই, কিন্তু সোফিয়াকে আমন্ত্রণ জানানোর পর তার নির্মাতা আগে বাংলাদেশ সম্পর্কে জেনেছেন। বাংলাদেশের প্রযুক্তিগত অবস্থান যাচাই করেছেন, তারপর আসতে রাজি হয়েছেন।’ বুধবার (৬ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের লাইভ শো’তে এসব কথা বলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে সোফিয়া ও প্রধানমন্ত্রী, পাশে প্রতিমন্ত্রী পলকতিনি আরও বলেন, ‘আমরা আমন্ত্রণ জানানোর পর তারা কিছুটা সময় নেয় আমাদের কনফার্ম করার। এর মাঝে তারা বাংলাদেশকে নিয়ে কিছুটা গবেষণা করে।’

বাংলাদেশে রবোটিক্স নিয়ে অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হলে পলক বলেন, ‘এখন আপনি সোফিয়াকে ইন্টারভিউ করছেন, খুব শিগগিরই বাংলাদেশের সোশ্যাল রোবটকে ইন্টারভিউ করতে পারবেন।’

ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা চাই একটি শিক্ষামূলক জাতি তৈরি করতে। ইন্টারনেট বিশাল একটি দরজা খুলে দিয়েছে। আপনি যেখানেই থাকেন ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকলে নানা কিছু শিখতে পারবেন। ফেসবুক, ইউটিউব শুধু গান শোনা কিংবা সামাজিক হওয়ার মাধ্যম না, এর মাধ্যমেও প্রযুক্তিগত অনেককিছু জানতে পারা যায় এবং শিখতে পারা যায়।’

লাইভ শো’তে উপস্থাপক সোফিয়াকেও প্রশ্ন করেন, সেখানে তিনি জানতে চান কোথায় ঘুরতে যেতে ইচ্ছা তার? উত্তরে সোফিয়া বলে, ‘তার জুপিটার ভ্রমণের খুব ইচ্ছা।’ বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে সোফিয়া বলে, ‘বাংলাদেশ খুব ভাল একটা জায়গা। মানবতা আমাকে সম্মান করতে শিখিয়েছে।’