সেবা দিতে রবি নিয়ে এলো সার্ভিস রোবট

সার্ভিস রোবট নিয়ে এলো রবিক্লাউডভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্লাটফর্মে পরিচালিত সার্ভিসবট (ইন্টেলিজেন্ট হিউম্যানওয়েড) বা সার্ভিস রোবট চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। রবিবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে রবির করপোরেট অফিসের এক্সপেরিয়েন্স সেন্টারে সার্ভিসবট উদ্বোধন করা হয়।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, রবি-সার্ভিসবট একটি উদ্ভাবনী ট্রাই-পোলার প্রাইভেট ক্লাউড আর্কিটেকচার যা যেকোন পরিবেশে স্মার্ট ও পারসোনালাইজড সেবা দিতে সক্ষম। এটি ব্যবহারকারীদের সঙ্গে স্বাভাবিক ভাব-আদান প্রদান করতে পারে।
রবির উদ্ভাব রোবোটিকস-অ্যাজ-আ-সার্ভিস মডেলের ওপরভিত্তি করে কোম্পানিটির নির্দিষ্ট সেলস অ্যান্ড সার্ভিস সেন্টারে নিয়োগের জন্য রবি-সার্ভিসবটগুলো ডিজাইন করা হয়েছে। গ্রাহকের  সঙ্গে সরাসরি তথ্য আদান-প্রদান ছাড়া গ্রাহক ও ব্যবহারকারীদের উন্নত সেবা প্রদান করা যায় এমন কাজগুলো করবে এই রোবটগুলো।
মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সার্ভিসবটের মাধ্যমে গ্রাহকদের আরও মানসম্মত সেবা প্রদানের সুযোগ পেয়ে আমরা গর্বিত।

বাংলাদেশে রবি-সার্ভিসবট চালুর প্রসঙ্গে রবির হেড অফ ইনফরমেশন টেকনোলজি আসিফ নাইমুর রশীদ বলেন, এই ধরনের রোবট উন্নত বিশ্বে মানুষের পাশাপাশি কাজ করছে। বাংলাদেশে সেবা খাতের চিত্র পাল্টে দিতে পারে আমাদের এই রবি-সার্ভিসবট।