বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখছে ভেঞ্চার ক্যাপিটাল

প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরেবাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খাইরুল হোসেনের সঙ্গে সৌজন্য মতবিনিময় সভা করেছেন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) প্রতিনিধিবৃন্দ। ভিসিপিয়াব সভাপতি ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বিএসইসি চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন এই খাতের অগ্রগতিতে ভিসিপিয়াবের বিভিন্ন উদ্যোগকে সমর্থন করেন ও সংগঠনটিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত সহ অন্যান্য উৎপাদনমুখী ও সেবা খাতগুলোতে যেন আরও বেশি টেকসই বিনিয়োগ হয় সেই লক্ষে প্রয়োজনে বর্তমান নীতিমালায় সংশোধন ও পরিবর্তন আনা হবে।
ভিসিপিয়াব চেয়ারম্যান শামীম আহসান বলেন, তথ্যপ্রযুক্তি খাতসহ অন্যান্য খাতের উন্নয়ন ও বিকাশে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুটি ফান্ড একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন নতুন সফল উদ্যোক্তা ও ব্যবসা তৈরি হওয়ায় স্থানীয় এবং আন্তর্জাতিক ভেনচার ক্যাপিটাল কোম্পানিগুলো বাংলাদেশের এই বাজারে আকৃষ্ট হচ্ছে।

এসময় সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।