এসএমই ফাউন্ডেশন আয়োজিত ২০১৮ সালের জন্য বর্ষসেরা উদ্যোক্তা (মাঝারি প্রতিষ্ঠান- সার্ভিস ক্যাটাগরি) হিসাবে মনোনীত হন শীর্ষস্থানীয় জব পোর্টাল বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর।
প্রতি বছর ৫টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। ক্যাটাগরিগুলো হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা (মহিলা), ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ), মাঝারি উদ্যোক্তা (উৎপাদন) ও মাঝারি উদ্যোক্তা (সেবা)।
২০১৩ সাল থেকে অনুষ্ঠিত এই বিশেষ সম্মাননা আয়োজনে এবারই প্রথম কোনও তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা এই পুরস্কার পেলেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১৮ বছর আগে ফাহিম মাসরুর তার বন্ধুদের নিয়ে বিডিজবস প্রতিষ্ঠা করেন। এটি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় জব পোর্টাল। প্রতিদিন ১ লাখের মানুষ এই পোর্টাল ভিজিট করেন। ২০ লাখের বেশি চাকরি প্রত্যাশীর জীবনবৃত্তান্ত এই প্ল্যাটফর্মে সংরক্ষিত আছে। গত ১৮ বছরে ১০ লাখের বেশি চাকরিপ্রার্থী বিডিজবসের মাধ্যমে চাকরি পেয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।