বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনের ল্যাপটপ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ল্যাপটপ মেলা শুধু কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক্সপেরিয়েন্স জোন হিসেবেও ব্যবহার হয়।
মোস্তাফা জব্বার বলেন, ল্যাপটপের বর্তমান চাহিদা বিবেচনা করলে এ দেশের বাজার এখন কম্পিউটার নির্মাতাদের কাছে লোভনীয়। ইতোমধ্যে অনেক বিদেশি কোম্পানি দেশে ল্যাপটপ সংযোজনের চিন্তাভাবনা করছে। আর দেশের দুটি কোম্পানি ল্যাপটপ প্রস্তুতও করছে।
ল্যাপটপ ও ট্যাবলেট নিয়ে আয়োজিত এই মেলা শেষ হবে শনিবার। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।মেলার আয়োজক এক্সপো মেকার।
মেলায় ১১টি প্যাভিলিয়ন, ১৪টি মিনি প্যাভিলিয়ন ও ২৭ স্টলে দেশ বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করছে।
মেলায় বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার, আসুস, ডেল, এইচপি, লেনেভো ছাড়াও অংশ নিয়েছে আমেরিকান ব্র্যান্ড আইলাইফ। দেশীয় একমাত্র কম্পিউটার নির্মাতা ব্র্যান্ড ওয়ালটনও রয়েছে। পরিবেশক প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়েছে স্টার টেক, গ্লোবাল ব্র্যান্ড ও স্মার্ট টেকনোলজিস। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রির সঙ্গে মূল্যছাড় ও উপহার দিচ্ছে। রয়েছে স্ক্র্যাচ কার্ড, র্যাফেল ড্রতে উপহার জেতার সুযোগ।