টিভিতে ‘রিমোট একসেস’ দেবে স্যামসাং

রিমোট একসেসআসছে বছর টিভি থেকেই পিসি, ট্যাবলেট কিংবা স্মার্টফোন নিয়ন্ত্রণের সুবিধা চালু করতে যাচ্ছে স্যামসাং। ধারণা করা হচ্ছে নতুন এই ফিচারের বদৌলতে স্যামসাং টিভিগুলো আগামীতে ডেস্কটপ কম্পিউটারে পরিণত করবে। আর এটাই হচ্ছে স্যামসাংয়ের ডেস্ক ও ডেস্ক প্যাড পরিকল্পনার ফসল।
দি ভার্জ জানায়, ২০১৯ সালে স্যামসাং টিভিগুলোতে যুক্ত করা হচ্ছে রিমোট একসেস কন্ট্রোল ফিচার। নতুন বছরে এই রিমোট একসেস ফিচার ব্যবহার করে স্যামসাং টিভি ব্যবহারকারীরা কি-বোর্ড, মাউসের মতো নির্দিষ্ট কিছু কম্পিউটার উপকরণ ব্যবহার করতে পারবেন। এর ফলে তারা সহজেই টিভিতে পিসি গেম খেলতে পারবেন। এজন্য কোনও এইচডিএমআই পোর্টের প্রয়োজন হবে না। আবার এই ফিচারের গুণে ব্যবহারকারী বড় পর্দায় সম্প্রচার করতে পারবেন ওয়েবভিত্তিক অফিস পরিষেবা।
নিজেদের টেক ডিভাইসগুলোকে বিনি সূতোয় বাঁধার একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা থেকেই নতুন এই ফিচারটি আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার এই বহুজাতিক টেক কোম্পানি। অবশ্য ‘দূর-সংযোগ’ ফিচারটি কোন প্রক্রিয়া কাজ করবে তা এখনও স্পষ্ট নয়। তবে এটা বোঝা যাচ্ছে, ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইন্সটল করে যেভাবে একে অপরের সঙ্গে আলাপ করেন একই ভাবে স্যামসাং টিভিতেও দূর থেকেও ভিডিও বৈঠক সম্প্রচার করা যাবে।
স্যামসাং বলছে, রিমোট একসেস ফিচারটি বিশ্বের যেকোনও প্রান্তে কাজ করবে। র এ জন্য ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ভিএমওয়্যার এবং এর ভার্চুয়াল অবকাঠামো প্রযুক্তির সঙ্গে একটি মেলবন্ধন তৈরি করেছে। নতুন এই প্রযুক্তিতে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত সুনির্দিষ্ট একটা ডেস্কটপে প্রবেশের সুযোগ করে দেবে। একইসঙ্গে কোথা থেকে তারা তাদের ডেস্কটপ পিসিতে সংযুক্ত হচ্ছেন তাও জানতে পারবেন ব্যবহারকারীরা। সেশন শেষে লগ আউট করে বেরিয়ে আসতে পারবেন।