ভারতে চাপের মুখে অ্যামাজন

অ্যামাজননির্দিষ্ট কিছু পণ্য ভারত থেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে অ্যামাজন। ভারতের নতুন নীতির কারণে এই কাজ করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। ফলে ভারতে অ্যামাজনের ব্যবসা কিছুটা ছোট হয়ে আসবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নতুন নীতি অনুযায়ী অনলাইন বা ই-কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের শো-রুম বা দোকানের মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবে না। ছোট উদ্যোক্তারা যেন বাজারে টিকে থাকতে পারে সেজন্য এই নীতি গ্রহণ করা হয়েছে।
ভারতের নতুন এই সিদ্ধান্ত দেশটির ই-কমার্স খাতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এরই মধ্যে নীতিটির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কাজ শুরু করেছে অ্যামাজন।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) নীতিতে পরিবর্তন আনা হয়েছে যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এছাড়া অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজেদের প্ল্যাটফর্মে থেকেই ব্যবসা পরিচালনা করতে হবে।
ভারতের ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছে, বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না তারা। এজন্য নতুন নীতি প্রয়োজন যেন এসব প্রতিষ্ঠান তাদের ব্যবসার ক্ষতি করতে না পারে।
শেষ পর্যন্ত ভারত কর্তৃপক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা শুনলো। আর এতেই কপাল পুড়লো অ্যামাজনের। এ সম্পর্কে অ্যামাজনের চিফ ফিনান্সিয়াল অফিসার ব্রায়ান ওলসাভস্কি বলেন, ‘ভারতে বর্তমান অবস্থা কিছুটা ঘোলাটে। তারপরও এখানে ভালোই সম্ভাবনা দেখছেন তিনি।’